শাফিক আফতাবের কবিতা, প্রেম পুড়ে পুড়ে আসে কামের সীমায়

চুরুট নীরবে পুড়ে পুড়ে শেষ হয়ে যায়
প্রেম পুড়ে পুড়ে আসে কামের সীমায় __
তুমি পুড়ে পুড়ে চোখের নালায় নদী করো
আমি পুড়ে পুড়ে মুমূর্ষের মতোন মরোমরো।

চুরুট জ্বেলে নীরবে কেটেছে শীতের হিমরাত__
সেইসব বেকারদিনগুলি তবু ছিলো কত রঙিন !
যদিও জোটেনি ইলিশের ঝোল আর চিকনভাত __
যদিও বেড়ে গেয়েছিলো বাসা ভাড়া, ধার, ঋণ।

যদিও তুমি ভালোবাসবে কিনা ছিলাম উৎকণ্ঠায় __
যদিও মন দেবে কিনা__পাবো কিনা ভালোবাসা ?
যদিও নৌকা চলেছে আমাদের দুর্বল বৈঠায় ;
তবু কত মধুময় ছিলো প্রেম, একটু কাছে আসা।

আজ আছে গালভরা ভালোবাসা, মন ভরা প্রেম __
তবু মন বলে আহা ! কী অমৃত রাখিয়ে এলেম !

Comments

ভালো লাগলে বিজ্ঞাপনে ক্লিক করে সহায়তা করুন