শেষ চুম্বন- - এম এ মজিদ চাকলাদার

চলছি তো চলছি...
গন্তব্য- মৃত্যুর দুয়ার!
কৈবর্তের সুসময় পাড় হয়ে আমি এখন
দারুণ দুঃসময়ের মুখোমুখি
ভেতর থেকে কে যেন বলছে- 
কি লাভ বেচেঁ থেকে?
অনাহূত!
থাক পড়ে বেশ্যার রঙিন ঘুঙুর, সংসার
জাগতিক প্রতারনা, নষ্ট সময়ের
জন্মোৎসব পড়ে থাক;
সোজা পথে চলে যাও
সামনের মৃত্যু অপেক্ষারত।

ছেড়েছি প্রিয়ার অধর, অপেক্ষমাণ
আশার তরণী ছেড়ে গেছে 
কোথায়, কখন?
যাত্রী তার ঈর্ষাকাতর, ভালোবাসার
কামনাপরাগ মেখে কোথা যেতে চায়?

তাই বুঝি!
ওখানে মৃত্যুফাঁদ? যারে আমি চাই?
যার পায়ে দেব জলাঞ্জলি, প্রস্তুত আমি
জানি প্রেমা, আমি জানি
অমৃত-বনের শেষ প্রান্ত এটা;
প্রান্তিক চাষির মতো- মরে যাব
রবি শস্যের ক্ষেতে
যেতে যেতে প্রিয়া ভেবে এঁকে দেব
শেষ চুম্বন! 
গন্তব্য- মৃত্যুর দুয়ার।

Comments

ভালো লাগলে বিজ্ঞাপনে ক্লিক করে সহায়তা করুন