মারজুক রাসেলের কবিতাঃ কয়েকটি খণ্ডচিত্র

১.
আকাশ,
তোমার সবাইকে নিয়ে
নিচে নেমে এসো,
জমিন আমাদের সবাইকে নিয়ে
তোমাদের বর্তমানে বেড়াতে যেতে চায়।

২.
ছাতা, রেইনকোট
রিকশার হুড, গামবুট;
ছাউনি-
নিজেদের শুকনো রাখতে তৈরি করেছে মানুষ
কার দায়িত্বে কে যে!
একদিন-না-একদিন সবাই বৃষ্টিতে ভেজে।

৩.
স্বপ্নের সাম্প্রতিক বরাদ্দ কোটা
কিশোরী তোমার
আষাঢ় ঘন
নগ্নচুলের বৃষ্টি ফোঁটা।

৪.
ফুল ছিঁড়ে নিয়ে গেছে কেউ,
এবার আমি বোঁটা ছিঁড়ব
(হাতে না পারলে দাঁতে)
'পাগল' শব্দটা মুখ দিয়ে বের করে
কোথায় পাঠিয়ে দাও?

৫.
যে অংশটা উন্মুক্ত রাখো, রাখতেই চাও
সে অংশকে আহ্বান বলে-
আমি আসছি,
আমার দিকে মুখ করে দাঁড়াও-
হাঁটা বসা এবং শোয়ার প্রসঙ্গে
পর্যায়ক্রমে যাওয়া যাবে।     

Comments

ভালো লাগলে বিজ্ঞাপনে ক্লিক করে সহায়তা করুন